নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, জঙ্গিদেরকে মোকাবেলা ও প্রতিহত করা সহজ, কিন্তু জঙ্গি মতবাদকে প্রতিরোধ করা খুব কঠিন। পুলিশ দিয়ে জঙ্গি নির্মূল করা সম্ভব। কিন্তু জঙ্গি মতবাদ নির্মূলে সকলকে আদর্শিক লড়াইয়ে নামতে হবে। এই আদর্শিক লড়াইয়ে তিনি ঐক্যবদ্ধ হয়ে ছাত্র, শিক্ষকসহ সকলের প্রতি কাজ করার জন্য আহবান জানান।
রবিবার বেলা ১১টায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার নরকলিকাতা গ্রামে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাজাহান খান আরো বলেন, প্রশিক্ষিত জঙ্গিবাদের বিরুদ্ধে লড়তে হলে আমাদের আরও প্রশিক্ষিত হতে হবে এবং তাদের বিরুদ্ধে লড়াইয়ে নামতে হবে।
ইত্তেফাক/মণ্ডল