গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় এমপি লিটন হত্যা মামলার মূল পরিকল্পনাকারী গাইবান্ধা জেলা কারাগারে থাকা কর্নেল ডা. আব্দুল কাদের খাঁনের এক সময়ের ব্যক্তিগত সহকারী (পিএস) শামছুজ্জোহা সরকার ওরফে জোহাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার দুপুরে গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্যাহ আল ফারুক জানান, লিটন হত্যা ঘটনায় শামছুজ্জোহাকে কয়েকদিন ধরে নজরদারিতে রাখার পর ঘটনার সাথে জড়িত থাকার প্রাথমিক তথ্যের ভিত্তিতে রবিবার ভোর রাতে সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত শামছুজ্জোহাকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে আজ বিকাল ৩টায় ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য গাইবান্ধা আদালতে হাজির করা হয়েছে।
শামছুজ্জোহা সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের কিশামত হলদিয়া গ্রামের আবদুল জোব্বারের ছেলে। সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা বাজারে তার একটি রড়-সিমেন্টের ব্যবসা প্রতিষ্ঠান আছে। ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত মহাজোটের প্রার্থী হয়ে আব্দুল কাদের খাঁন এমপি নির্বাচিত হলে শামছুজ্জোহাকে ব্যক্তিগত সহকারী (পিএস) নিয়োগ দেন।
লিটন হত্যা মামলার তদন্তকারী পুলিশের একটি সূত্র জানায়, লিটন হত্যার সমন্বয়কারী সুন্দরগঞ্জ উপজেলা আ. লীগের সাবেক দপ্তর সম্পাদক চন্দন কুমার সরকার গত এক বছর ধরে কাদের খাঁনের চার কিলার নিয়ে শামছুজ্জোহার নলডাঙ্গা ব্যবসা প্রতিষ্ঠানে নিয়মিত বৈঠক করতেন। সেখান থেকেও কিলারদের লিটনকে হত্যার জন্য নানাভাবে পরামর্শ দেওয়া হতো।
প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নে সাহবাজ গ্রামে নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন এমপি মঞ্জুরুল ইসলাম লিটন। এ ঘটনায় লিটনের বোন তাহমিদা বুলবুল বাদী হয়ে অজ্ঞাত ৫ জনকে আসামি করে ১ ডিসেম্বর সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ইত্তেফাক/মাহমুদুল