ধুনটে অ্যাসিল্যান্ডের সরকারি বাসায় অগ্নিসংযোগ

বগুড়ার ধুনট উপজেলা পরিষদ চত্বরে আবসিক এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আখতারের সরকারি বাসায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত প্রায় ১১টার দিকে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
 
ইউএনও অফিস সূত্রে জানা যায়, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আখতার উপজেলা পরিষদের দ্বিতল ভবনের দ্বিতীয় তলায় একটি ইউনিটে থাকেন। তিনি প্রশিক্ষণ গ্রহণের জন্য শুক্রবার থেকে ঢাকায় অবস্থান করছেন। শনিবার রাতে সরকারি ওই বাসায় ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আখতারের ছোট বোন, দাদি ও ভাতিজি।
 
এদিকে, রাত প্রায় ১১টার দিকে বাসার একটি কক্ষে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ধুনট ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেন। অগ্নিসংযোগে কিছু আসবাবপত্রসহ গৃহকাজের উপকরণ পুড়ে গেছে।
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আখতারের ছোট বোন কনেলী আখতার বলেন, শনিবার রাতে বাসার প্রধান দরজা ভেতর থেকে তালা দিয়ে দাদি ও ভাতিজিকে নিয়ে একটি কক্ষে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় বাসার অন্য একটি কক্ষে বিকট শব্দ হয়। সেই কক্ষের ভেতর গিয়ে দেখি আগুন জ্বলছে। একই সময় বাসার ছাদে খট-খট শব্দ শোনা যায়। আমাদের ডাক চিৎকারে বাসার পাশের ইউনিটের লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে, কোথা থেকে কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তা বলতে পারছি না।
 
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মাদ ইব্রাহীম এ তথ্য নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দ্বিতল ভবনের ওই বাসার নীচে প্রধান গেট ও ওপরে ছাদের গেট খোলা ছিল। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা বাসার ছাদে উঠে ভেন্টিলেটারের ফাঁকা স্থান দিয়ে অগ্নিসংযোগ করতে পারে। তবে বড় ধরনের নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ বিষয়টি গুরত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।
 
ইত্তেফাক/মাহমুদুল