বুলবুলকে বরখাস্তের ব্যাপারে অবৈধ ঘোষণার আদেশ আপিল বিভাগেও বহাল

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সাময়িক বরখাস্তকৃত মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের বরখাস্তের আদেশ অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। 
 
রবিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। ফলে মেয়র হিসেবে দায়িত্ব পেতে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও মেয়র বুলবুলের আর কোনো বাধা থাকলো না বলে জানিয়েছেন তাঁর আইনজীবী আমিনুল হক হেলাল।
 
তিনি আরও জানান, রবিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে এ আদেশ দিয়েছেন। আদালতে বুলবুলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার ও এএফ হাসান আরিফ। সঙ্গে ছিলেন আইনজীবী আমিনুল হক হেলাল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
 
প্রসঙ্গত, ২০১৩ সালের ১৫ জুন অনুষ্ঠিত নির্বাচনে মোসদ্দেক বুলবুল মেয়র নির্বাচিত হন। তবে ২০১৫ সালের ৫ জানুয়ারি থেকে বিএনপি-জামায়াত জোটের সহিংস আন্দোলন চলাকালে মেয়র বুলবুলের বিরুদ্ধে সহিংসতার ১৯টি মামলা দায়ের করে পুলিশ। ৪টি মামলায় তার বিরুদ্ধে পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়ায় ওই বছরের ৭মে পলাতক অবস্থায় বুলবুলকে মেয়র পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। 
 
মন্ত্রণালয়ের ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করেন মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। এরপর একই বছরের ২৮ মে বরখাস্তের আদেশ স্থগিত করে রুল জারি করেন উচ্চ আদালত। এরমধ্যেই রাসিকের কাউন্সিলর নিযাম-উল-আযিমকে গত বছরের ৩১ মে আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। গত বছরের ১০ মার্চ  হাইকোর্টের বিচারপতি এমদাদুল হক ও বিচারতি মজিবুর রহমান মিয়ার যৌথ বেঞ্চ বুলবুলকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশ অবৈধ ঘোষণা করেন। এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে একই বছর ৪ জুন চেম্বার বিচারপতি হাইকোর্টের রায় স্থগিত করে আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। রবিবার শুনানি শেষে আপিল বিভাগের বেঞ্চ হাইকোর্ট বিভাগের রায়ই বহাল রাখেন।
 
ইত্তেফাক/মাহমুদুল