গাজীপুরের কালীগঞ্জ থেকে ঝুলন্ত অজ্ঞাত (৬৮) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে কালীগঞ্জ থানাধীন উলুখোলা ফাঁড়ি পুলিশ। রোববার সন্ধ্যায় উপজেলার নাগরী ইউনিয়নের বাইমাকান্দা থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।
উলুখোলা ফাঁড়ির ইনচার্জ গোলাম মাওলা স্থানীয়দের বরাত দিয়ে জানান, রোববার সন্ধ্যায় উপজেলার নাগরী ইউনিয়নের বাইমাকান্দা গ্রামের রাস্তা দিয়ে আসা-যাওয়ার পথে পাশের জঙ্গলে সাদা কিছু দেখতে পায় স্থানীয়রা।
কয়েকজন একসাথে কাছে গিয়ে দেখে একটি আম গাছে গলায় পাতলা কম্বল পেঁচানো অজ্ঞাত বৃদ্ধের মরদেহ ঝুলছে। পরে স্থানীয়রা উলুখোলা পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তিনি আরো জানান, ওই বৃদ্ধের মাথায় টুপি, পরনে পাঞ্জাবী, কালো কোট ও লুঙ্গি পড়া ছিল। ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/মুস্তাফিজ/আনিসুর