বোমাহামলায় হত্যা: খালেদা জিয়াসহ ৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট

দেশব্যাপী বহুল আলোচিত যাত্রীবাহী নৈশকোচে পেট্রোল বোমা হামলা চালিয়ে আট যাত্রীকে পুড়িয়ে মারার ঘটনায় দায়েরকৃত মামলার চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে।
 
ঘটনার দুই বছর এক মাস দুইদিন পর মামলার তদন্তকারী কর্মকর্তা চৌদ্দগ্রাম থানার এস আই ইব্রাহীম সোমবার কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে চার্জশিট দাখিল করেন। আলোচিত এ মামলায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াসহ কেন্দ্রীয় পাঁচ নেতাকে হুকুমের আসামি ও স্থানীয় সাবেক এমপি জামায়াত নেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে প্রধান আসামি করে সর্বমোট ৭৮ জনের নাম এ চার্জশিটে উল্লেখ করা হয়েছে।
 
এ মামলায় এজাহারভুক্ত উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সাহাব উদ্দিন পাটোয়ারী পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। এছাড়া এজাহার ভুক্ত সোহেল নামের এক যুবদল নেতার লাশ মহাসড়কের দাউদকান্দি এলাকা থেকে উদ্ধার করে পুলিশ।  নিহত এ দুইজনসহ ছয়জনের নাম বাদ দিয়ে দাখিলকৃত চার্জশিটে বিএনপির কেন্দ্রীয় নেতা মনিরুল হক চৌধুরীসহ ২৮ জনের নাম অর্ন্তভূক্ত করা হয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা চৌদ্দগ্রাম থানার এস আই ইব্রাহীম জানান। 
 
পুলিশ সূত্রে জানা যায়, বিএনপিসহ ২০ দলীয় জোটের ডাকা লাগাতার হরতাল-অবরোধ চলাকালে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোর রাতে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি নৈশকোচ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের  উপজেলার জগমোহনপুর এলাকায় আসার পর নাশকতাকারীদের নিক্ষিপ্ত পেট্রোল বোমা হামলায় ঘটনাস্থলে সাতজন এবং পরে ঢামেকের বার্ন ইউনিটে রাশেদুল ইসলাম নামে আরো একজনের মৃত্যু হয়।
 
ঘটনাস্থলে নিহতরা হচ্ছেন, যশোরের গণপূর্ত বিভাগের ঠিকাদার জেলা সদরের ঘোপসেন্ট্রাল রোডের বাসিন্দা হাজী রুকনুজ্জামানের ছেলে নুরুজ্জামান পাপলু (৫০), তার মেয়ে যশোর পুলিশ লাইন বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী মাইশা তাসলিম (১৪), কক্সবাজারের চকরিয়া উপজেলার গাইনাকাটা গ্রামের মৃত ছিদ্দিক আহম্মদের ছেলে আবু তাহের (৩৮) ও একই গ্রামের সালেহ আহম্মদের ছেলে আবু ইউসুফ (৪৫), নরসিংদীর পলাশ উপজেলার বালুরচর পাড়ার জসিম উদ্দিন মানিকের স্ত্রী আসমা আক্তার (৩৮) ও তার ছেলে মাহমুদুল হাসান শান্ত (১৩) এবং শরীয়তপুর জেলার ঘোষেরহাট থানার দক্ষিণ গজারিয়া গ্রামের মৃত নজরখার ছেলে ওয়াসিম (৩৮)।
 
ইত্তেফাক/সালেহ্