গৌরনদীতে ভোটারের উপস্থিতি কম, ভোট চলছে শান্তিপূর্ণভাবে

ভোটারের উপস্থিতি কম হলেও বরিশালের গৌরনদীতে আজ সোমবার সকাল থেকে শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ। তবে ৪৫টি ভোট কেন্দ্রের মধ্যে এ পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
 
উপজেলার কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি লক্ষ্যণীয়। গৌরনদীর মাহিলাড়া ইউনিয়নের কেবলারভিটা, হাপানিয়া, মাহিলাড়া ভোটকেন্দ্র এবং নলচিড়া ইউনিয়নের পিঙ্গলাকাঠী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে  নারী এবং পুরুষ ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
 
সরেজমিনে দেখা গেছে, কোন কেন্দ্রেই বিএনপির প্রার্থীর এজেন্ট আসেনি। এমনকি বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি।
 
উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী সৈয়দা মনিরুন নাহার মেরী ও বিএনপি মনোনীত ধানেরশীষ মার্কার প্রার্থী মনজুর হোসেন মিলন প্রতিদ্বন্দ্বীতা করছেন।
 
উপজেলায় মোট ১ লাখ ৪১ হাজার ২৯৬ জন ভোটারের মধ্যে পুরুষ ৭১ হাজার ৪১৯ জন ও নারী ভোটার ৬৯ হাজার ৮৭৭ জন।
 
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যদের স্থায়ী মোতায়েন এবং বিজিবি, র‌্যাব ও পুলিশের টহল দল কাজ করে যাচ্ছে।
 
ইক্তেফাক/মাহমুদুল