অনুষ্ঠিত হলো ষষ্ঠ আন্তর্জাতিক মানবসম্পদ বিষয়ক সম্মেলন। বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্টের (বিএসএইচআরএম) উদ্যোগে গত শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী ‘বিএসএইচআরএম মেটলাইফ ইন্টারন্যাশনাল এইচআর কনফারেন্স-২০১৭’ অনুষ্ঠিত হয়।
এবারের সম্মেলনে বাংলাদেশ ছাড়াও ভারত, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া থেকে ১৫০ জন ডেলিগেটসহ ৭০০ জন ষষ্ঠবারের এই সম্মেলনে অংশ নেন। ‘পরিবর্তনের জন্য বিনিময়’ এই প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী।
বিশেষ অতিথি ছিলেন মেটলাইফের বাংলাদেশ, নেপাল ও মিয়ানমারের প্রধান মো. নুরুল ইসলাম। বিএসএইচআরএমের সভাপতি মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে কনফারেন্স চেয়ারপারসন এসএম জহির উদ্দিন হায়দার ও এসএইচআরএমের সহসভাপতি মো. মাশেকুর রহমান স্বাগত বক্তব্য দেন।
IMG0
দিনব্যাপী সম্মেলনে অংশগ্রহণকারীদের জন্য মূল বিষয় ছিল মানবসম্পদ বিষয়ক বিভিন্ন উপস্থাপনা ও আলোচনা। সম্মেলনে ‘পরিবর্তনের জন্য বিনিময়’ ধারণা এবং মানবসম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে একাধিক প্রবন্ধ উপস্থাপন ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া ছিল এইচআর বিতর্ক। বিতর্কে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে হারিয়ে বিজয়ী হয়। শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফল ড্র। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই সম্মেলনের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে মানবসম্পদ ব্যবস্থাপনা চর্চাকে সুসংগঠিত করা, কর্মীদের দক্ষতা বাড়ানো, সর্বোপরি মানবসম্পদ উন্নয়ন। কনফারেন্সের সার্বিক ব্যবস্থাপনায় অন্যান্যের মধ্যে ছিলেন আব্দুল্লাহ আল মামুন, কামরুজ্জামান সবুজ, জাহাঙ্গীর নবী, রওশন আলী বুলবুল, শিবলী রহমত উল্যা শিপু প্রমুখ।