নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর শিল্পাঞ্চল এলাকার একটি রপ্তানিমূখী শিল্পপ্রতিষ্ঠান ওপেক্স এন্ড সিনহা গ্রুপের ডেনিম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের সময় কারখানা ছুটি থাকার কারনে কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট রাত পৌনে ৯ টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে পারেনি গার্মেন্ট কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শীরা জানান, কাঁচপুর এলাকায় ওপেক্স এন্ড সিনহা গ্রুপের ৬ তলায় গার্মেন্টেসের ডব্লিউজি-২ ফ্লোরের কাটিং সেকশনে সোমবার রাত সাড়ে ৮টার দিকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে কাটিং সেকশনের মেশিনারিজ, সুতা ও কাপড় পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের আদমজী, ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট চেষ্টা চালিয়ে রাত পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে।
এলাকাবাসীরা জানায়, গত ২৭ ফেব্রুয়ারিরতে একই কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের এক সপ্তাহ না পেরুতে ফের অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কাচঁপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা মোশারফ ওমর ওই কারখানার দায়িত্ব নেওয়ার পর সম্পতি ১ হাজার ৪ শত শ্রমিকে ছাটাই ও পরপর দুই বার অগ্নিকান্ডের ঘটনাকে রহস্যজনক মনে করছে তারা।
ওপেক্স এন্ড সিনহা গ্রুপের ডেনিম কারখানার ম্যানাজার (উৎপাদন) গিয়াসউদ্দিন জানান, সন্ধ্যা ৬টায় কারখানার কাটিং সেকশন ছুটি ঘোষণা করা হয়। ছুটি হওয়ার কারণে কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের ক্ষয়ক্ষতি নিরূপণ করতে কমিটি গঠন করা হবে। কি কারণে কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটছে তা খতিয়ে দেখা হবে।
ডেমরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বজলুর রহমান জানান, রাতে সিনহা ওপেক্স গ্রুপের ৬ তলা ভবনের দ্বিতীয় তলায় কাটিং সেকশনে অগ্নিকাণ্ডের পর ৯ টি ইউনিট চেষ্টা করে রাত পৌনে ১০ টায় নিয়ন্ত্রনে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি তাৎক্ষনিক নিরূপণ করা যায়নি।
ইত্তেফাক/নূহু