দিনাজপুরের নবাবগঞ্জে জুয়াড়ি ও গ্রামবাসীদের হামলায় দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ উজ্জামান আশরাফ ও দিনাজপুর গোয়েন্দা পুলিশের ওসি মনিরুজ্জামানসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে।
সোমবার দিবাগত রাতে নবাবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের দক্ষিন বোয়ালমারী গ্রামে এই ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নবাবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের দক্ষিন বোয়ালমারী গ্রামের করতোয়া নদীর তীরে দীর্ঘদিন থেকে জমজমাট জুয়ার আসর বসতো। এই ঘটনায় স্থানীয় থানা পুলিশ অজ্ঞাত কারনে নিরবতা পালন করে আসছিল।
সোমবার সন্ধ্যায় দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ উজ্জামান আশরাফ ও দিনাজপুর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মনিরুজ্জামানসহ একদল পুলিশ সেখানে অভিযান চালায়। রাতে অভিযান চালানোর সময় জুয়াড়িদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এরপর জুয়াড়িয়া গ্রামবাসীদের সঙ্গে নিয়ে পুলিশের ওপর লাঠিসোঠা নিয়ে হামলা চালায়।
এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ উজ্জামান আশরাফ, দিনাজপুর ডিবি পুলিশের ওসি মনিরুজ্জামানসহ বেশ কয়েকজন পুলিশ গুরুতর আহত হয়। রাতেই আহত পুলিশ সদস্যদের মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় তাকে পপুলার ডায়াগনষ্টিক সেন্টারে নিয়ে তার মাথায় সিটি স্ক্যান করা হয়। সিটি স্ক্যান করার পর আবার তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে এ ব্যাপারে বিরামপুর থানায় ওসি ইসমাইল হোসেনের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি ছুটিতে আছেন। তবে ঘটনা জানার পর তিনি থানায় ফিরছেন জানিয়ে বলেন, যেখানে ঘটনাটি ঘটেছে, সেটি নবাবগঞ্জ থানায় নয়, পাশ্ববর্তী রংপুরের পীরগঞ্জের মধ্যে পড়েছে।
ইত্তেফাক/নূহু