বেগম খালেদা জিয়ার নামে মামলায় চার্জশিট প্রদান ও বিএনপি'র যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী সোহেলকে কারাফটকের ভিতর থেকে আটকের নিন্দা ও প্রতিবাদে স্বেচ্ছাসেবক দল দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিউল বারী বাবু ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল আজ এক বিবৃতিতে বলেন, 'এই মামলাবাজ সরকার তাদের অবৈধ ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য গোটা দেশকে এক কারাগারে পরিণত করেছে। গণতন্ত্র পুনরুদ্ধারে যিনি সমগ্র জাতির নেতৃত্ব দিচ্ছেন, তাঁকে একের পর এক হাস্যকর মামলা দিয়ে হয়রানি করছে এই সরকার; কারণ বেগম খালেদা জিয়ার কাছে তাদের অবৈধ ক্ষমতা হারানোর আশঙ্কা করছে।
তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন চলছে, হাবিব-উন-নবী সোহেল জিয়াউর রহমানের জাতীয়তাবাদী আদর্শ বুকে ধারণ করে সেই আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। তাই বেগম খালেদা জিয়া ও হাবিব-উন-নবী সোহেল আজ সরকারের আতঙ্কে পরিণত হয়েছে । আমরা অবিলম্বে বেগম খালেদা জিয়ার নামে চার্জশিট প্রত্যাহার ও হাবিব-উন-নবী সোহেলের নিঃশর্ত মুক্তি দাবি করছি ।
স্বেচ্ছাসেবক দল দুই দিনের কর্মসূচিতে আগামীকাল ৮ মার্চ রোজ বুধবার সারাদেশের জেলা ও মহানগরীতে ও ৯ মার্চ রোজ বৃহস্পতিবার থানা, পৌর এবং উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল করবে।
ইত্তেফাক/রাফাত