এফ.এম রেডিওতে ভাষার বিকৃত উচ্চারণ রোধে মনিটরিং কমিটি: তথ্যমন্ত্রী

 
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বেসরকারি এফ.এম রেডিওতে ভাষার বিকৃত উচ্চারণ রোধকল্পে বাংলাদেশ বেতারের একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।
 
মঙ্গলবার সংসদে সরকারি দলের সদস্য সামশুল হক চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ‘বেসরকারি টেলিভিশন ও রেডিওতে অনুষ্ঠান প্রচারের সময় বাংলা ভাষার বিকৃত উচ্চারণ অথবা ভাষা দূষণ রোধের জন্য অনুষ্ঠান প্রচারের পূর্বে যাচাইয়ের জন্য প্রিভিউ কমিটি গঠন করার জন্য সকল টিভি চ্যানেলগুলোকে নির্দেশনা প্রদান করা হয়েছে এবং বেসরকারি এফ.এম রেডিওতে অনুষ্ঠান প্রচারের সময় বাংলা ভাষার বিকৃত উচ্চারণ অথবা ভাষার দূষণ রোধের জন্য বাংলাদেশ বেতারের একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।’
 
তথ্যমন্ত্রী বলেন, তথ্য মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট থেকে গণমাধ্যমে প্রমিত বাংলা বানান, উচ্চারণ বিষয়ে নিয়মিত প্রশিক্ষণের আয়োজন করা হয়ে থাকে। ‘বিসিএস (তথ্য-সাধারণ) ও বিসিএস (তথ্য-বেতার) ক্যাডারের কর্মকর্তাদের বুনিয়াদী প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। বেতার ও টেলিভিশনে সংবাদ উপস্থাপন এবং পরিবেশনের জন্য নিয়মিত প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে।’ বাসস।
 

ইত্তেফাক/মণ্ডল