আর্মি স্টেডিয়ামে চলছে বহুল প্রতীক্ষিত জয় বাংলা কনসার্ট

রাজধানীর আর্মি স্টেডিয়ামে বহুল প্রতীক্ষিত জয় বাংলা কনসার্ট চলছে। মঙ্গলবার বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে গুরুত্বপূর্ণ দিন ৭ মার্চ উপলক্ষে এই কনসার্টের আয়োজন করে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) নেটওয়ার্ক ‘ইয়াং বাংলা’।
 
বেলা সাড়ে তিনটায় শুরু হওয়া এই কনসার্টে গান গাইছে ওয়ারফেজ, শিরোনামহীন, চিরকুট, লালন, ক্রিপটিক ফেইট, নেমেসিস, আর্বোভাইরাস, শূন্য ও স্বাধীনতার পর প্রতিষ্ঠিত প্রথম বাংলা ব্যান্ড স্পন্দন। এই কনসার্টের মিডিয়া পার্টনার হিসেবে আছে দৈনিক ইত্তেফাক।
 
সবার জন্য উন্মুক্ত কনসার্টটি শুরু হয় জাতীয় সংগীত দিয়ে। বেলা সাড়ে তিনটায় শুরু হওয়া এই কনসার্ট রাত ১০টা পর্যন্ত চলবে। নামকরা ব্যান্ডের পরিবেশনার পাশাপাশি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি তথ্যচিত্রও প্রদর্শিত হচ্ছে। এছাড়া কনসার্টে স্বাধীন বাংলা বেতারের কালজয়ী গান পরিবেশন করা হচ্ছে।
 
জানা গেছে, এবারে ৬০ হাজারের বেশি তরুণ-তরুণী এই কনসার্ট সরাসরি স্টেডিয়াম থেকে উপভোগ করতে পারছেন। এছাড়া অনলাইনেও সরাসরি জয়বাংলা কনসার্ট দেখা যাচ্ছে।
 
১৯৭১ সালে ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের দিনটি স্মরণ করে ২০১৫ সাল থেকে এই কনসার্টের আয়োজন করা হচ্ছে।
 
ইত্তেফাক/মাহমুদুল