ছাত্রলীগ-স্থানীয় ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা তদন্তে কমিটি

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিনসদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. নিতাই কুমার ঘোষকে আহ্বায়ক, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুদ রানাকে সদস্য সচিব এবং সাবেক সহকারী প্রক্টর মো. শাহীনুর রহমানকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।
 
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী বলেছেন, কমিটিকে দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদনের আলোকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই ঘটনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
 
প্রসঙ্গত, শনিবার সকালে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কিছু নেতা-কর্মী বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড় এলাকার লিফা ফাস্টফুড এন্ড কনফেকশনারীতে এসে এক লাখ টাকা চাঁদা দাবি করে। দোকান মালিক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা দোকানে ভাংচুর চালায় এবং টাকা-পয়সা লুটপাট করে নেয়। এ ঘটনার পর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে স্থানীয় ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের জন্য দোকানপাট বন্ধ করে দেয়। এ ঘটনার জের ধরে বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত পার্কের মোড় এলাকায় চলছিল ব্যবসায়ী-ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ। সংঘর্ষে পুলিশ ও ৩ ফটো সাংবাদিকসহ অর্ধ-শতাধিক আহত হয়। 
 
বিশ্ববিদ্যালের সামনের প্রধান সড়কে অবরোধ ও সংঘর্ষ চলাকালে বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত রংপুর কুড়িগ্রামের সঙ্গে ঢাকাসহ সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ থাকে।
 
ইত্তেফাক/মাহমুদুল