গাইবান্ধায় প্রার্থীর প্রচার মাইক ভাঙচুর করায় যুবক আটক

 
গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের উপ-নির্বাচনের প্রচার মাইক ভাঙচুরের ঘটনায় সুমন বাবু নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার শেষ বিকালে উপজেলার মজুমদারহাট নামক স্থানে এ ঘটনা ঘটে।
 
জানা গেছে, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম মোস্তফা আহম্মেদের নৌকা প্রতীকের প্রচার-প্রচারণা করতে রাশেদুল নামের এক ভ্যান চালক মাইক নিয়ে মজুমদারহাট যায়। এ সময় মজুমদারহাটের কসমেটিক্স ব্যবসায়ী সুমনের দোকানের সামনে গেলে প্রচার মাইক বন্ধ করার নির্দেশ দেয়। কিন্তু ভ্যান চালক মাইক বন্ধ না করায় উভয়ের মাঝে বাক-বিতণ্ডার এক পর্যায়ে সুমন মাইক ভাঙচুর করে ভ্যান চালক রাশেদুলকে মারপিট করে।
 
স্থানীয় জনতা থানায় খবর দিলে কঞ্চিবাড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। সুমন পাঁচগাছি শান্তিরাম গ্রামের তোফাজ্জল হোসেনের পুত্র।
 
এব্যাপারে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুক্তারুল আলম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
 
ইত্তেফাক/জামান