কুমিল্লার বুড়িচংয়ে ডিবি পুলিশের সঙ্গে ডাকাত দলের গুলি বিনিময়ে মোস্তফা (৩৩) এক ডাকাত গুলিবিব্ধ হয়ে নিহত হয়েছে। এ সময় গুলিতে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন এবং পুলিশ কনস্টেবল দয়াল কান্তি আহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে জেলার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের লড়িবাগ রেল গেইটের অদূরে রাস্তায় এ গুলি বিনিময়ের ঘটনা ঘটে।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই শাহ কামাল আকন্দ পিপিএম জানান, ওই সড়কে দীর্ঘদিন ধরে রাস্তায় রশি ফেলে ডাকাতি করে আসছিল একটি সংঘবব্ধ সশস্ত্র ডাকাত দল। গত ২১ ফেব্রুয়ারি রাতে ওই স্থানে ডাকাত দলের ছুরিকাঘাতে নিহত হন জেলার দেবিদ্বারের জুয়েলারি ব্যবসায়ী আবুল কালাম আজাদ। এ ঘটনায় গ্রেফতার হওয়া ২ ডাকাত মঙ্গলবার বিকালে তাদের সহযোগীদের নাম প্রকাশ করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়।
রাতে ডাকাত দলের অন্যান্য সদস্যদের ধরতে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আলম মামুনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম এবং বুড়িচং থানা পুলিশসহ লড়িবাগ রেল রাস্তার পাশের রাস্তায় পৌছলে ডাকাত দল রাস্তায় রশি ফেলে পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। এতে গুলিবিব্ধ হয়ে মোস্তফা নামের এক ডাকাত মারাত্মক আহত হয়। তাকে কুমেক হাসপাতালে নেয়ার পর রাত পৌনে ১টার দিকে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ডাকাত দলের গুলিতে আহত অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন এবং পুলিশ কনস্টেবল দয়াল কান্তিকে জেলা পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা দুজন আশংকামুক্ত বলে পুলিশ জানিয়েছে।
ইত্তেফাক/নূহু