ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

৭ই মার্চ ছিল বাঙালি জাতির মুক্তি সংগ্রামের ঐতিহাসিক ঘোষণার দিন। ১৯৭১ সালের এই দিনে ঢাকার রমনার রেসকোর্স ময়দানে সমবেত কয়েক লাখ বাঙালির উপস্থিতিতে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান সামরিক জান্তা সরকারের জুলুম-নিপীড়ন প্রতিরোধের ডাক দিয়ে ঘোষণা করেন ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। মুক্তি সংগ্রামের দিকনির্দেশনা দিয়ে তিনি আরো বলেন, ‘প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোল, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে।’ দখলদার পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে স্বাধীন বাংলাদেশের অভ্যুদ্বয়ের পর ৭ই মার্চ বাঙালির জাতীয় জীবনে ৭ই মার্চ ঐতিহাসিক দিন হিসেবে পরিগণিত হয়। এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন স্থানে গতকাল দিনটি নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে। ইত্তেফাকের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—

ঝিনাইদহ

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৭ মার্চ পালন করেছে জেলা আওয়ামী লীগ।  গতকাল মঙ্গলবার শহরের এইচ এস এস সড়কের জেলা আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিনটির কর্মসূচি। সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুজিব চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপর্ণ করা হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে সংসদ সদস্য আব্দুল হাই ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র সাইদুল করিম মিন্টু বক্তব্য রাখেন। শোভাযাত্রায় জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও দিনব্যাপী শহরের বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থানে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রচার  করা হয়। রাতে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কোটালীপাড়া (গোপালগঞ্জ)

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা অডিটরিয়ামে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু ব্যতিক্রমি এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে প্রজেক্টরের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের দেখানো হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ। পরে নজরুল ইসলাম হাজরা মন্নুর সভাপতিত্বে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের উপর উপজেলা নির্বাহী অফিসার জিলাল হোসেন, উপজেলা সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, শিক্ষক সরওয়ার হোসেন তালুকদার, আওয়ামী লীগ নেতা সিরাজ সরদার, টুটুল শেখ, মাওলানা জাকারিয়া আলোচনা করেন।

শিবপুর (নরসিংদী)

গতকাল মঙ্গলবার নরসিংদীর শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও আওয়ামী লীগের উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে পৃথক পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা আওয়ামী লীগ।

শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সৈয়দ সিরাজ উদ্দিনের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা ভবনের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  সভায় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলহাজ আঃ মোতালিব খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন স্বপন, সহকারী কমান্ডার বেলায়েত হোসেন ভূঁইয়া,  মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি বিপ্লব চক্রবর্তী প্রমুখ।

টাঙ্গাইল

গতকাল মঙ্গলবার সকালে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে বঙ্গবন্ধু ও সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয় এবং ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচার করা হয়।

মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

সকালে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বঙ্গবন্ধু ও যারা স্বাধীনতা মুক্তিযুদ্ধে জীবনকে উত্সর্গ করেছেন তাঁদের স্মরণে এবং বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের উপর সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে স্বাধীনতা মুক্তিযুদ্ধে শহীদদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার,  প্রভোস্ট, প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

চাঁদপুর

জেলার সর্বত্র ব্যাপক কর্মসূচির মধ্যদিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার, আলোচনা সভা ইত্যাদি। চাঁদপুর জেলা আওয়ামী লীগ কর্যালয়ের আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, যুবলীগ সভাপতি মিজানুর রহমান কালু ভুঁইয়াসহ আরো অনেকে। দিবসটি উপলক্ষে স্থানীয় দৈনিক পত্রিকাগুলো বিশেষ প্রবন্ধ ও লেখা প্রকাশ করেছে।

ভাণ্ডারিয়া (পিরোজপুর)

দিবসটি পালন উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং উপজেলা দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশরুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মো. লিয়াকত হোসেন তালুকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফারুক জোমাদ্দার, যুবলীগের আহ্বায়ক এনামুল কবির টিপু তালুকদার, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. খায়রুল ইসলাম কাইয়ুম জোমাদ্দার প্রমুখ।

ইত্তেফাক/নূহু