উখিয়ার পর্যটন স্পট ইনানীর সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে সৃজিত বন থেকে গাছ চুরি করে নিয়ে যাচ্ছে স্থানীয় প্রভাবশালী সিন্ডিকেটের লেলিয়ে দেওয়া কাঠচোর চক্র। গত রবিবার রাত ১২টার দিকে ইনানী উপ-স্বাস্থ্য কেন্দ্রের সামনে একটি বড় আকারের গাছ কেটে নিয়ে যাওয়ার সময় স্থানীয় বনবিট কর্মকর্তা হাতেনাতে গাছ চোর শনাক্ত করতে পারলেও আইনগত ব্যবস্থা নিতে পারেনি। ফলে গাছটি লাপাত্তা হয়ে গেছে বলে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ।
ঘটনাটি স্বীকার করে বনবিট কর্মকর্তা জাকের হোছাইন বলেন, সদ্য কাটা গাছটি স্থানীয় সাইফুল সিকদারের জিম্মায় দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাইফুল সিকদারের নির্দেশে গাছটি কাটা হয়েছে। তাকে কেন জিম্মায় দেওয়া হলো এ প্রশ্নের জবাবে ইনানী বন রেঞ্জ কর্মকর্তা মোঃ ইব্রাহিম হোসেন জানান, যে কেটেছে তাকে জিম্মায় দেওয়া হয়েছে এই জন্য যাতে গাছটি সংরক্ষণ করা হয়।
এভাবে নির্বিচারে ইনানী সড়কের পাশের গাছ কেটে নিয়ে যাওয়ার ফলে পর্যটন স্পটটির পরিবেশ নষ্ট হচ্ছে বলে স্থানীয় পরিবেশবাদী সচেতন মহল দাবি করছেন।
ইত্তেফাক/নূহু