খালেদা জিয়ার আবেদনের আদেশ বৃহস্পতিবার

 
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় একাংশের পুনঃতদন্তের খারিজাদেশের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছে হাইকোর্ট। 
 
আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
 
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুর রেজাক খান। সঙ্গে ছিলেন জাকির হোসেন ভূঁইয়া। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। 
 
মামলার অভিযোগ থেকে জানা যায়, জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
 
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৪ সালের ১৯ মার্চ খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়।
 
ইত্তেফাক/কাউছার