নারীর অগ্রগতির পক্ষে বিএনপির যে অবদান তা এ সরকারের সময়ে তুলনা করলে এক ইঞ্চিও হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, শেখ হাসিনার অধীনে এত বেশি নারী নির্যাতন হচ্ছে, যা ভাষায় প্রকাশ করার মতো নয়।
বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে জাতীয়তাবাদী মহিলা দলের র্যালি শেষে সাংবাদিকদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, সরকার নিজেদেরকে প্রগতিশীল ভাবেন অথচ শেখ হাসিনার অধীনে এত বেশি নারী শিশু নির্যাতন হয়েছে যা ভাষায় প্রকাশ করার মতো নয়।
তিনি বলেন, আজ গুরুত্বপূর্ণ দিন। আগে এই দিবসটিতে আন্তর্জাতিক শ্রমিক নারী দিবস পালন হতো এখন পূর্ণাঙ্গ নারী দিবসই পালন করা হচ্ছে।
রিজভী বলেন, নারীরা হিমালয় জয় করছে। তারা আর পিছিয়ে নেই। তারপরও তাদেরকে বিভিন্নভাবে পিছিয়ে রাখা হয়। তারা সহিংসতার স্বীকার হচ্ছে।
এসময় র্যালির উদ্ধোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে মহিলা দলের নেত্রীরা নয়াপল্টন এলাকায় র্যালিতে অংশ নেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মহিলা বিষয়ক সম্পাদক নুরে আরা সাফা, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, মহিলা নেত্রী জেবা খান, হেলেন জেরিন খান, খালেদা ইয়াসমিন নিপুন রায় চৌধুরী প্রমুখ।
ইত্তেফাক/কাউছার