খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘বাল্যবিয়ে নিরোধ আইন নারী উন্নয়নের অন্তরায় নয়। নারীদের নিরাপত্তার স্বার্থেই এ আইন করা হয়েছে। বাল্যবিয়েকে উৎসাহিত নয়, নিরুৎসাহিত করতেই এ আইন।’
বুধবার সকাল ১১টার দিকে ঢাকার কেরানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রীর অবদান বিশ্বজুড়ে সমাদৃত। তিনি আজ সাড়া বিশ্বে নন্দিত নেত্রী।’
নারী উন্নয়নের কথা তুলে ধরে তিনি আরো বলেন, ‘দেশে ব্যবসা ক্ষেত্রে এখন ৪২ হাজার নারী উদ্যোক্তা রয়েছে। পাঁচ হাজারের বেশি ব্যবসা প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা নারী। দেশের শ্রমবাজারে ৩৩ দশমিক পাঁচ শতাংশই নারী। গার্মেন্ট শিল্পে ৮০ শতাংশই নারী। প্রতিটি ক্ষেত্রে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেশকে উন্নতির দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে।’
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) কেরানীগঞ্জ সার্কেল পারভেজুর রহমান জুমন, দক্ষিণ কেরানীগঞ্জ সার্কেল শিউলি রহমান তিন্নী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা মান্না, ঢাকা জেলা যুবলীগ সভাপতি শফিউল আযম খান বারকু, আওয়ামী লীগ নেতা ইউসুফ আলী চৌধুরী সেলিম, রুহিতপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুল আলী, হযরতপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন আয়নাল ও তারানগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক প্রমুখ বক্তব্য রাখেন।
ইত্তেফাক/সালেহ্