শিবপুরে মুক্তিযোদ্ধা আব্দুল হাই হত্যা : প্রধান আসামি গ্রেফতার

নরসিংদীর শিবপুর উপজেলার বিরাজনগর গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল হাই হত্যা মামলার প্রধান আসামি জাকির হোসেনকে বুধবার নরসিংদী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ এলাকা থেকে আটক করা হয়েছে। নরসিংদী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র ও উপস্থিত জনতা তাকে হাতেনাতে ধরে ফেলে।
 
উল্লেখ্য, ইতিপূর্বে আসামি জাকির হোসেনসহ অন্যান্য আসামিদের ছবি বিভিন্ন পত্রিকা ও ফেইজবুকের মাধ্যমে প্রচার হয়। এরই ভিত্তিতে ছবি দেখে কলেজের ছাত্ররা চিনতে পেরে তাকে আটক করে মৃত আব্দুল হাইয়ের বড় ছেলে মো. রিমন মিয়াকে ফোনে বিষয়টি জানান। মো. রিমন মিয়া নরসিংদী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স ফাইনাল বর্ষের ছাত্র। 
 
পরে রিমন মিয়া শিবপুর মডেল থানার এস আই মো. মজিবুর রহমানকে বিষয়টি জানালে তিনি একজন কনস্টেবল সঙ্গে নিয়ে আসামি জাকির হোসেনকে শিবপুর মডেল থানায় নিয়ে আসে। শিবপুর মডেল থানা কর্তৃপক্ষ আসামিকে নরসিংদী কোর্টে চালান করে দেয়। 
 
ইত্তেফাক/মাহমুদুল