পেট্রোল বোমা হামলার হুকুমদাতা হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আসামি করার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে জঙ্গিবাদের মদদদাতা স্বাধীনতাবিরোধী চক্র, বিএনপি সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে আয়োজিত এক মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি জানান। বাংলাদেশ স্বাধীনতা পরিষদ এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে।
হাছান মাহমুদ বলেন, ‘২০১৩, ১৪ ও ১৫ সালে সারাদেশে যত পেট্রোল বোমা মেরে, অগ্নি-সন্ত্রাস চালিয়ে মানুষ হত্যা করা হয়েছে তার হুকুম দিয়েছেন বেগম খালেদা জিয়া। তাই তাকে এই সব হত্যাকাণ্ডের হুকুমের আসামি করে তার বিরুদ্ধে মামলা করে দ্রুত বিচারের আওতায় আনতে সরকারের কাছে দাবি জানাচ্ছি।’
ড. মাহমুদ বলেন, বিগম সময়ে যত পেট্রোল বোমা, অগ্নি-সন্ত্রাসের ঘটনা ঘটেছে তা খালেদা জিয়ার হুকুমেই হয়েছে। সবরকম অগ্নি-সন্ত্রাস ও পেট্রোল বোমা হামলার দায় খালেদা জিয়ার। আমি আজ বিশ্ব নারী দিবসে সরকারের কাছে দাবি জানাই- ওই সব ঘটনায় যেসব মা-বোন মারা গেছেন তাদের হত্যার দায়ে খালেদা জিয়াসহ অন্যরা যারা জড়িত তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।
কুমিল্লায় পেট্রোল বোমার ঘটনায় খালেদা জিয়াকে আসামি করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, শুধু কুমিল্লা নয় ঢাকাসহ সারাদেশে যত পেট্রোল বোমা, অগ্নি-সন্ত্রাস হয়েছে সব ঘটনার জন্য খালেদাকে আসামি করতে হবে।
সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাত আলী খান জিন্নাহ্, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন টয়েল, আওয়ামী লীগ নেতা এম এ করিম, মিনহাজ উদ্দিন মিন্টু প্রমুখ।
ইত্তেফাক/মণ্ডল