প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের হতদরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিত্সকদেরকে আরো নিবেদিত হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আশা করেন, সরকারের পাশাপাশি বাংলাদেশ রেনাল এসোসিয়েশন, কিডনি ফাউন্ডেশন ও ক্যাম্পস-এর মতো সংগঠনগুলো কিডনি রোগ প্রতিরোধ এবং এর চিকিত্সা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বুধবার ‘বিশ্ব কিডনি দিবস’ উপলক্ষে এক বাণীতে এ আহ্বান জানান। আগামীকাল ৯ মার্চ ‘বিশ্ব কিডনি দিবস’। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হবে। বিশ্ব কিডনি দিবসে এবারের প্রতিপাদ্য হলো ‘স্থুলতা কিডনি রোগ বাড়ায় ,সুষ্ঠু জীবনযাপনে সুস্থ কিডনি’।
কিডনি রোগীদের জন্য পর্যায়ক্রমে এর সুযোগ-সুবিধার পরিধি আরো বাড়ানো হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বাণীতে বলেন, ‘কিডনি বিকল রোগীদের জন্য অত্যন্ত কম খরচে ডায়ালাইসিস সেবা প্রদানের লক্ষ্যে আমরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রকল্পের মাধ্যমে সীমিত আকারে আন্তর্জাতিক মানের ডায়ালাইসিস সেবা কেন্দ্র চালু করেছি।’
তিনি বলেন, সারা বিশ্বে কিডনি রোগের প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এ রোগের চিকিত্সা অত্যন্ত ব্যয়বহুল এবং এ রোগে মৃত্যুর হার অপেক্ষাকৃত বেশি। কাজেই এই সকল রোগের মূল কারণ অনুসন্ধান এবং প্রতিরোধের উপায় বের করা জরুরি। বাসস।
ইত্তেফাক/মণ্ডল