বাকৃবিতে ছাত্র সংসদ দ্রুত চালুর দাবি

 
'ছাত্রদের অধিকার আদায় ও শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ ভালভাবে চলতে হলে কেন্দ্রীয় ছাত্র সংসদ দ্রুত চালু করতে হবে।' বুধবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ছাত্র ইউনিয়ন বাকৃবি সংসদের নেতৃবৃন্দ।
 
সম্মেলনে নেতারা বলেন, 'দীর্ঘ ১৮ বছর ধরে বাকসু নির্বাচন নাই। এতে করে ক্যাম্পাসে রাজনৈতিক দখলদারিত্ব, মাদকের সহজলভ্যতা, অপসংস্কৃতি চর্চা ও সেই সঙ্গে জঙ্গিবাদের উত্থান দেখা দিতে পারে। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সমিতির নির্বাচন নিয়মিত হলেও কোন অজানা কারণে ছাত্র নির্বাচন হচ্ছেনা। তাই আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে ছাত্র সংসদ নির্বাচনের জোর দাবি জানাচ্ছি।' একই দাবিতে পরবর্তীতে গণভোট, হলে হলে সেমিনার, মিছিল ও সমাবেশসহ ধারাবাহিক কর্মসূচি করবে সংগঠনটি।
 
ইত্তেফাক/জামান