হাসপাতালে চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য নির্দিষ্ট পোশাক নির্ধারণের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

 
সরকারি হাসপাতালগুলোতে চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য নির্দিষ্ট রংয়ের পোশাক নির্ধারণ করছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তৃতীয় শ্রেণির কর্মচারীদের ক্ষেত্রে যাদের জন্য সরকারি পোশাক বরাদ্দ করার বিধান রয়েছে তাদের জন্যেও নির্দিষ্ট রং নির্ধারণ করে দেয়া হবে।
 
বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সরকারি হাসপাতালের পরিচালকদের সাথে সভায় সভাপতিত্বকালে এ সংক্রান্ত আদেশ দ্রুত জারি করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
 
সভায় মন্ত্রী হাসপাতালে বহিরাগতদের চাপ কমাতে রোগীদের অ্যাটেনডেন্ট সংখ্যা নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়ার পাশাপাশি চিকিত্সক, নার্স, কর্মচারী ও রোগীর অ্যাটেনডেন্টদের জন্য নির্দিষ্ট পরিচয়পত্র ইস্যু ও ব্যবহার বাধ্যতামূলক করতে পরিচালকদের প্রতি নির্দেশ দেন।
 
এ সময় তিনি বলেন, সরকারি হাসপাতালগুলোতে মানুষ কম খরচে আধুনিক সেবা পাচ্ছে বলে সবসময় অতিরিক্ত রোগীর চাপ থাকে। ফলে চিকিত্সকদেরকে বাড়তি দায়িত্ব নিয়ে কাজ করতে হয়। রোগীর স্বজন ও চিকিত্সক, নার্স বা কর্মচারীদের মধ্যে যেন ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয় সেদিকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন মন্ত্রী। কোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনার যেন সৃষ্টি না হয় সেদিকেও পরিচালকদের দৃষ্টি রাখার জন্য তিনি তাগিদ দেন। একই সাথে হাসপাতালগুলোকে দালাল ও অবৈধ স্থাপনামুক্ত রাখার জন্যেও তিনি পুনরায় নির্দেশ প্রদান করেন। সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেকসহ দেশের সকল সরকারি হাসপাতালের পরিচালকরা উপস্থিত ছিলেন।
 

ইত্তেফাক/মণ্ডল