জঙ্গি হাসানের ৭দিনের রিমান্ড মঞ্জুর

 
কুমিল্লার চান্দিনায় পুলিশকে লক্ষ্য করে বোমা হামলার ঘটনায় আটক হওয়া জঙ্গি হাসানের ৭দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।
 
কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার সুমী বুধবার বিকালে রিমান্ড মঞ্জুরের আদেশ দেন।
 
চান্দিনা থানার ওসি নাছির উদ্দিন মৃধা জানান, মঙ্গলবার রাতে জঙ্গি জসিম ও হাসানের বিরুদ্ধে হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির এসআই মনিরুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এ মামলার পর বুধবার হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১৫ দিনের রিমান্ড আবেদন জানানো হয়। আদালত তার ৭দিনের রিমান্ড মঞ্জুর করেন। হাসান বর্তমানে চান্দিনা পুলিশের হেফাজতে রয়েছে বলে তিনি জানিয়েছেন। অপর আহত জঙ্গি জসিম কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
 
এদিকে কুমিল্লা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন জানান, চান্দিনা ও দেবীদ্বারের যেসব লোক জঙ্গিদের আটক করতে প্রত্যক্ষভাবে হাইওয়ে পুলিশকে সহায়তা করেছে তাদেরকে চলতি মাসের সভায় পুরস্কৃত করা হবে।
 
উল্লেখ্য, চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গত মঙ্গলবার পুলিশের অভিযান চলাকালে একটি বাসের যাত্রীবেশী দুই জেএমবি সদস্য আল্লাহু আকবার ধ্বনি দিয়ে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোঁড়ে। এসময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। একপর্যায় গ্রামবাসীর সহযোগিতায় তাদেরকে আটক করা হয়।
 
ইত্তেফাক/জামান