শিবপুরে স্কুল শিক্ষার্থী গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত

নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে গত মঙ্গল ও বুধবার ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির প্রায় ৪০জন ছাত্রী গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়ে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে। শিক্ষার্থীরা হলো- সুমাইয়া, মুশফিকা রহমান, জুলেখা, শ্রাবণী, দোলা, রত্না, সান্তা ও নাজমিনসহ আরো অনেকে। 
 
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাকির হোসেন বলেন, আজ বুধবার সকাল ১১টার দিকে ক্লাশ চলাকালিন সময় হঠাৎ কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাদেরকে চিকিৎসার জন্য শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
 
খবর পেয়ে শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আরিফ-উল-ইসলাম মৃধা,  শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আফসার, সহকারী কমিশনার (ভূমি) মোস্তফা মনোয়ার, শিবপুর মডেল থানার ওসি (তদন্ত) মোল্লা আজিজুর রহমান, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক বিদ্যালয়ে ছুটে গিয়ে দুইদিনের জন্য বিদ্যালয় বন্ধ ঘোষণা করেন। পরে তারা হাসপাতালে গিয়ে ছাত্রীদের চিকিৎসার খোঁজখবর নেন।
 
ডা. সাইফুল ইসলাম বলেন, লেখাপড়ার চাপে অনেক শিশুরা সঠিক সময় খাবার খায় না এবং মানসিক চাপে থাকে। এ কারণে এ রকমটা হয়ে থাকতে পারে। তবে আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে তারা।  
 
ইত্তেফাক/মাহমুদুল