মতলব উত্তরে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফৈলাকান্দি গ্রামের শত্রুতা করে পুকুরে বিষ প্রয়োগ করে সাত লক্ষাধিক টাকার মাছ নিধন করার অভিযোগ পাওয়া গেছে।
 
বুধবার রাতে ফৈলাকান্দি গ্রামের আলাউদ্দিন খানের চাষকৃত বিভিন্ন প্রজাতির মাছ নিধন করা হয়েছে।
 
অভিযোগ সূত্রে জানা গেছে, ফৈলাকান্দি গ্রামের মধ্য সমাজের খান বাড়ির বাচ্চাদের সঙ্গে মৃত. কালাই চাঁদের ছেলে আলমাছ খানের বাক্বিতণ্ডা হয়। এ নিয়ে বুধবার রাতে ঢালী সুপার মার্কেটের সামনে ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদের মাধ্যমে সালিশ-বৈঠক হয়। কিন্তু ঝগড়া-বিবাদের মধ্যদিয়ে সালিশ অমীমাংসিতভাবে শেষ হয়।
 
এরই জের ধরে ওই রাতেই আলাউদ্দিন খানের চাষকৃত পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করা হয়। তারা দেলোয়ার শিকদার ও নুরুল ইসলামের ১৮টি হাঁস নিয়ে যায়।
 
এ নিয়ে আলাউদ্দিন খান বাদী হয়ে কয়েকজনের বিরুদ্ধে মতলব উত্তর থানায় একটি অভিযোগ করেন।
 
অন্যদিকে আলমাছ খান কিছুই জানে না বলে জানায়।
 
ইত্তেফাক/সালেহ্