কেন্দুয়ায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ছাত্রদলের নেতা-কর্মীদের হামলায় ১৩ পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনার মামলায় এজাহার নামীয় আসামি উপজেলার চিরাং ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম খান জরিপকে গ্রেফতার করেছে পুলিশ।
 
বৃহস্পতিবার ভোর রাতে ময়মনসিংহ শহরের সানকিপাড়া সেনানিবাস এলাকার পিছনের এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি চিরাং ইউনিয়ন বিএনপির সভাপতি।
 
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান,সাতদিনের রিমান্ড আবেদন জানিয়ে তাকে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।
 
উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি শুক্রবার সকালে পৌর শহরের আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কর্মীসভার আয়োজন করে ছাত্রদলের নেতা-কর্মীরা। খবর পেয়ে পুলিশ সভাস্থলে গিয়ে সভা বন্ধের নির্দেশ দিলে ছাত্রদল নেতা-কর্মীরা সে নির্দেশ মানেনি। একপর্যায়ে পুলিশ সভায় বাধা দিলে ছাত্রদলের নেতা-কর্মীরা পুলিশের উপর হামলা করে। এতে ১৩ পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় পুলিশ উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম হিলালী ও সাধারণ সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভূঞা দুলালসহ পাঁচ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন।
 
ইত্তেফাক/সালেহ্