সাজার রায়ের বিরুদ্ধে ইকবালের স্ত্রী ও সন্তানদের আপিল

দুর্নীতির মামলায় বিচারিক আদালতের সাজার রায়ের বিরুদ্ধে আপিল করেছেন আওয়ামী লীগের সাবেক এমপি ডা. এইচবিএম ইকবালের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে।
 
বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আপিল দায়ের করা হয়। আপিলে জামিন চাওয়ার পাশাপাশি সাজার রায় স্থগিত চাওয়া হয়েছে।
 
বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে অবৈধ সম্পদ অর্জনের মামলায় ডা. এইচবিএম ইকবালকে ১৩ বছরের দণ্ড দেয় বিশেষ জজ আদালত। অবৈধ সম্পদ অর্জনে সহযোগিতার অভিযোগে তার স্ত্রী মমতাজ বেগম, দুই ছেলে মোহাম্মদ ইমরান ইকবাল ও মঈন ইকবাল এবং মেয়ে নওরীন ইকবালকে তিন বছর করে দণ্ড এবং এক লাখ টাকা করে অর্থদণ্ড দেয় আদালত। আপিল বিভাগের নির্দেশনা অনুসারে তারা বুধবার নিম্ন আদালতে আত্মসমর্পন করে। আদালত জামিন না মঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠায়। এরপরই সাজার ওই রায়ের বিরুদ্ধে আজ আপিল দায়ের করেছেন তার আইনজীবীরা।
 
এ প্রসঙ্গে দুদকের কৌসুলি অ্যাডভোকেট খুরশীদ আলম খান বলেন, সাজার রায়ের বিরুদ্ধে আপিল দায়েরের কপি দুদককে দেয়া হয়েছে।
 

ইত্তেফাক/মণ্ডল