শিলাইদহে রবীন্দ্র ভবন নির্মাণে বাংলাদেশ-ভারত চুক্তি সই

কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়ি কমপ্লেক্সে রবীন্দ্র ভবন নির্মাণের জন্য ভারত সরকার বাংলাদেশ সরকারকে ১৮.১৭ কোটি টাকা আর্থিক অনুদান দিচ্ছে। এই বিষয়ে বৃহস্পতিবার শিলাইদহে একটি আর্থিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 
 
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলা ভারত সরকারের পক্ষে আর্থিক চুক্তিতে স্বাক্ষর করেন। বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর-এর উপস্থিতিতে বাংলাদেশের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের জ্যেষ্ঠ সচিব কাজী শফিকুল আজম। 
IMG0
ভারতীয় হাই কমিশন ঢাকা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), অর্থ মন্ত্রণালয় ও পুরাতত্ত্ব বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা, কুষ্টিয়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং বাংলাদেশ সরকারের বিশিষ্ট ব্যক্তিবর্গ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 
 
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ২০১৩-এর মার্চে তার বাংলাদেশ সফরের সময় সর্বপ্রথম প্রকল্পটি ঘোষণা করেন। ৭ জুন ২০১৫ প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রস্তাবিত এই রবীন্দ্র ভবনে ঠাকুর-ঐতিহ্য তুলে ধরতে একটি অত্যাধুনিক প্রদর্শনী গ্যালারি, প্রজেকশন সুবিধাদি, রবিঠাকুর রচিত ও সুরোরাপিত সঙ্গীত ও নৃত্য বিষয়ে পাঠদান কক্ষ, ঠাকুর সম্পর্কিত গ্রন্থ সংরক্ষণের জন্য পাঠাগার, হস্তশিল্পালয় ইত্যাদি থাকবে। এছাড়াও, কমপ্লেক্সটিতে অন্যান্য সুবিধাদি যেমন অতিথিশালা, ক্যাফেটেরিয়া, মুক্তমঞ্চ অথবা অ্যাম্ফিথিয়েটার থাকবে।
 
ইত্তেফাক/উজ্জল