রংপুরে স্কুলছাত্রী হত্যায় ফাঁসির আদেশ

 
রংপুরের মিঠাপুকুরের ষষ্ঠ শ্রেণির ছাত্রী আম্বিয়া খাতুন হত্যার দায়ে শফি উদ্দিন নামে এক ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
 
বৃহস্পতিবার রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২ এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এই রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি শফিউদ্দিন আদালতে উপস্থিত ছিলেন না। তিনি দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন।
 
মামলা সূত্রে জানা যায়, মিঠাপুকুর উপজেলার কুর্শা গ্রামের সোলায়মান আলীর সঙ্গে পার্শ্ববর্তী কফিল উদ্দিনের পুত্র শফিউদ্দিনের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে ১৯৯৫ সালের ১২ জুলাই আসামি শফি উদ্দিন ছুরি নিয়ে সোলায়মানের বাড়িতে এসে তার খোঁজ করতে থাকে। ওই সময় সোলায়মান বাড়িতে ছিলেন না। শফিউদ্দিনকে থামাতে সোলায়মানের স্ত্রী আসমা বেগম ও ভাতিজি আম্বিয়া খাতুন এগিয়ে আসলে শফি উদ্দিন স্কুলছাত্রী আম্বিয়ার পেটে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 
 
এ ঘটনা পর নিহতের চাচা সোলায়মান আলী বাদী হয়ে মিঠাপুকুর থানায় শফিউদ্দিনসহ আরও চারজনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ ওই বছরের ১৩ নভেম্বর আসামি শফি উদ্দিনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।
 
মামলাটি দীর্ঘদিন আদালতে বিচারাধীন থাকার পর ১৫ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে বৃহস্পতিবার আসামি শফি উদ্দিনের মৃত্যুদণ্ড দেন রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ এর বিচারক।
 
রাষ্ট্রপক্ষে এপিপি আকতারুজ্জামান পলাশ ও আসামি পক্ষে অ্যাড. সুলতান আহমেদ শাহীন মামলা পরিচালনা করেন।
 
ইত্তেফাক/জামান