পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ট্রাক্টরের (মাহিন্দ্র) ধাক্কায় জাকারিয়া (১৬) নামে এক মোটরসাইকেল আরোহী এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের অপর আরোহী আব্দুল খালেক (২৫)। বৃহস্পতিবার বিকালে দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জাকারিয়া ভাউলাগঞ্জ হাজী আজাহার উদ্দীন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী এবং জেলার বোদা উপজেলার বড়শশি ইউনিয়নের চিলাপাড়া গ্রামের বাচ্চা মিয়ার ছেলে। আহত আব্দুল খালেক পার্শ¦বর্তী নীলফামারী জেলার ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের সব্দীগছ এলাকার সফিকুল ইসলামের ছেলে। তিনি নিহত জাকারিয়ার আত্মীয় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে ভাউলাগঞ্জ বাজার থেকে মোটরসাইকেল যোগে আব্দুল খালেককে নিয়ে বড়শশি এলাকার বাড়িতে ফিরছিলেন জাকারিয়া। এ সময় তাদের মোটরসাইকেলটি ভাউলাগঞ্জ হাইস্কুলের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর (মাহিন্দ্র) তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই জাকারিয়ার মৃত্যু হয়। গুরুতর আহত আব্দুল খালেককে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম ট্রাক্টরের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত ও অপর এক আরোহী আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।