শিবালয় ও ঘিওরে ২ শিশুর লাশ উদ্ধার

 
শিবালয় ও ঘিওরে নিখোঁজের পর শুক্রবার দুই শিশুর লাশ উদ্ধারের ঘটনায় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
 
জানা গেছে, শিবালয় উপজেলার নিহালপুর গ্রামের বাসিন্দা স’মিল শ্রমিক বাসু মিয়ার পুত্র স্কুলছাত্র সাব্বির মিয়া (৭) নিখোঁজের পরদিন শুক্রবার সকালে যমুনার পাড়ে তার লাশ পাওয়া যায়। তার গলায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে সাব্বিরকে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুজির এক পর্যায়ে পরদিন নিহালপুরের পশ্চিমে যমুনার পাড়ে ড্রেজিংকৃত স্থানের পাশে বালুচাপা অবস্থায় তার লাশ পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। জিজ্ঞাসাবাদের জন্য প্রতিবেশী সহোদর ইব্রাহীম ও ঝন্টুকে থানায় নেয়া হয়েছে।
 

এদিকে, পার্শ্ববর্তী ঘিওর উপজেলার বৈকণ্ঠপুর গ্রামের শহিদ আলীর পুত্র দুরন্ত (৬) নিখোঁজের পরদিন শুক্রবার বাড়ির পাশে লাশ পাওয়া যায়। এ সময় ঘটনাস্থলে একটি ছুরি ও অন্য আলামত পেলেও তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।