বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশ সরকারকে প্রতিরক্ষা চুক্তির জন্য ভারত যে চাপ দিচ্ছে তা বাংলাদেশের জন্য মোটেও সুসংবাদ নয়। তারা যেভাবে চাপ সৃষ্টি করতে চায় তা আমাদের জাতীয় নিরাপত্তার পরিপন্থী ও নিয়মবহির্ভূত।
রাজধানীর নয়া পল্টনে শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী আরো বলেন, ‘সাউথ চায়না মর্নিং পোস্টের উদ্ধৃতি দিয়ে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তাদের সাথে প্রতিরক্ষা চুক্তির বিষয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে সে বিষয়ে দেশবাসী উদ্বিগ্ন। এ ক্ষেত্রে বাংলাদেশ সরকার কী ভূমিকা রাখবে এটিও খুব স্পষ্ট নয়। বাংলাদেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থায় ‘মেড ইন ইন্ডিয়া’ ছাপ মারতেই এই চুক্তির জন্য ভারত চাপ প্রয়োগ করছে বলে জনমনে ব্যাপক সন্দেহ দানা বেঁধেছে।’
তিনি আরও বলেন, সংবাদপত্রে এমনও খবর প্রকাশিত হয়েছে যে, তিস্তা চুক্তির টোপ দিয়ে বাংলাদেশ-ভারত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে নেওয়ার চেষ্টা করছে। এ ধরনের চুক্তি হলে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।