ইলিশ সংরক্ষণে সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাটকা নিধন বন্ধ ও ইলিশ সংরক্ষণে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
 
'জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০১৭' উপলক্ষে শুক্রবার এক বাণীতে তিনি এ আহ্বান জানান। এতে প্রধানমন্ত্রী বলেন, 'ইলিশ আমাদের জাতীয় মাছ। আমাদের কৃষ্টি ও ঐতিহ্যের সঙ্গে মিশে আছে ইলিশ মাছের স্বাদ, গন্ধ আর রূপ। এ মাছের জন্য বিশ্বজুড়ে রয়েছে আমাদের আলাদা পরিচিতি। বাংলাদেশ বর্তমানে মিঠা পানির মাছ উৎপাদনে বিশ্বে ৪র্থ স্থানে রয়েছে। আমিষের যোগান দিয়ে ইলিশ মাছ পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যা মেধাসম্পন্ন জাতি গঠনে সহায়ক।
 
তিনি প্রতি বছরের মতো এবারও ১১-১৭ মার্চ দেশব্যাপী জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করে এই কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি এবারের প্রতিপাদ্য 'জাটকা ইলিশ ধরবো না, দেশের ক্ষতি করবো না' সময়োপযোগী হয়েছে বলে মত প্রকাশ করেন। -বাসস।