মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেবোত্তর সম্পত্তি রক্ষায় মন্দিরের সেবাইতদের বেতনভুক্ত করার আহ্বান করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর ৫৩২তম আবির্ভাব তিথি ও শুভ দোলপূর্ণিমা উৎসব উপলক্ষে শনিবার সকালে শহরের হবিগঞ্জ রোডস্থ শ্রী শ্রী জগন্নাথ দেবের আখড়ায় 'সমাজ গঠনে শ্রীমান মহাপ্রভু' শীর্ষক ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি স্থানীয় হিন্দু ধর্মীয় নেতাকর্মীদের উদ্যোগে এই আহ্বান করেন।
বিচারপতি বলেন, 'প্রতিটি দেব মন্দির পরিচালনার জন্য কমিটি রয়েছে। ওই কমিটি মন্দিরের আয় উন্নতি পরিচালনাসহ সেবাইতদের বেতন নির্ধারণ করবে। কমিটির অনুমতি ছাড়া সেবাইত পরিবারের অন্য কেউ মন্দিরে বসবাস করিতে পারবেন না।'
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় পরিষদের সদস্য ও কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব, মৌলভীবাজার জেলা প্রশাসক মোহাম্মদ তোফায়েল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশশ্বেরুল ইসলাম প্রমুখ।
ইত্তেফাক/জামান