খুলনায় আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ছাত্রলীগের নেতা-কর্মীরা ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শনিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় কমপক্ষে ২০টি স্টল ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষে।
গত শুক্রবার সন্ধ্যা থেকে নগরীর সার্কিট হাউজ মাঠে আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে।
জানা গেছে, শনিবার দুপুর ২টার দিকে ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী লাঠিসোটা নিয়ে বাণিজ্য মেলার গেটের কাছে হঠাৎ করে ভাঙচুর শুরু করে। তারা পোলার আইসক্রিম এবং ড্রাইফুডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল ও বিজ্ঞাপনের প্যানা ভাঙচুর করে চলে যায়।
ঘটনার সত্যতা স্বীকার করে ঘটনাস্থলে থাকা খুলনা থানার এএসআই কামরুজ্জামান বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীরা ভাঙচুর করেছে। তবে কি কারণে এবং কার নেতৃত্বে হামলার ঘটনা ঘটেছে সে বিষয়ে কিছু বলতে পারেননি তিনি।