ময়মনসিংহে ছেলের দায়ের কোপে বাবার মৃত্যু

 
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সতিষা গ্রামে মাদকসেবী ছেলের দায়ের কোপে মজিবুর রহমান (৫০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
 
শনিবার (১১মার্চ) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মজিবুর রহমানের মৃত্যু হয়। ঘটনার পর থেকে ছেলে সুজন (২৫) পলাতক রয়েছেন।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ই মার্চ রাতে সুজন নেশার টাকার জন্য মজিবুরকে চাপ দিলে তিনি টাকা দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে সুজন তার বাবাকে রামদা দিয়ে কুপিয়ে জখম করে। ঐ রাতেই মজিবুরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তার মৃত্যু হয়।
 
গৌরীপুর থানার ওসি দেলোয়ার আহাম্মদ বলেন, এ ঘটনায় নিহতের আরেক ছেলে সুমন বাদী হয়ে সুজনকে আসামি করে মামলা করেছেন।