সাভারের প্রাণকেন্দ্রে বাজার বাসস্ট্যান্ডে চৌরঙ্গী সুপার মার্কেটের সামনে সওজ এর জায়গায় আদালতের স্থিতিবস্থার নির্দেশ অমান্য করে দোকান ঘর নির্মাণকে কেন্দ্র করে চরম উত্তেজনা চলছে। মার্কেট মালিক ও ব্যবসায়ীরা মুখোমুখি অবস্থানে রয়েছেন। আর এ নিয়ে চলছে পাল্টাপাল্টি অভিযোগ। থানায়ও দায়ের করা হয়েছে একাধিক পাল্টাপাল্টি অভিযোগ।
এদিকে সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী স্বাক্ষরিত এক পত্রে ৭ দিনের মধ্যে অবৈধ ভাবে নির্মিত ঐ দোকান ঘর সরিয়ে নেওয়ার জন্য মার্কেট মালিককে নোটিশ প্রদান করা হয়েছে।
সড়ক ও জনপথের উপ-সহকারী প্রকৌশলীর কার্যালয়ের নোটিশ সূত্রে জানা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কের পাশে চৌরঙ্গী সুপার মার্কেটের সামনে সওজ অধিগ্রহনণকৃত জমিতে সড়কের পাশে ফুটপাতের ওপর অবৈধ ভাবে দোকান ঘর নির্মাণ করেছেন মার্কেট মালিক। যার ফলে সড়কে যানবাহন চলাচল ও ফুটপাত দখল করে দোকান ঘর নির্মাণ করায় জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
নোটিশে আরো উল্লেখ করা হয়, সড়কটি ভিআইপি সড়ক। প্রতিনিয়তই এ মহাসড়কটি দিয়ে বিদেশি অতিথিসহ ভিআইপিগণ যাতাযাত করেন। সড়কের পার্শ্বে এ ধরনের অবৈধ স্থাপনা সরকারি সম্পত্তি জবর দখলের সামিল। তাই নোটিশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে তা ভেঙ্গে ফেলার জন্য মার্কেট মালিককে নির্দেশ দেওয়া হয়েছে।
চৌরঙ্গী সুপার মার্কেট মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আদম আলী বলেন, মার্কেটের সামনে যে জায়গায় স্থপনা নির্মাণ করা হয়েছে তা রেকর্ডে সরকারি রাস্তা হিসেবে উল্লেখ রয়েছে। তাছাড়া তিনি বাদী হয়ে আদালতে এ সংক্রান্ত মোকদ্দমা দায়ের করলে আদালত উক্ত রাস্তায় স্থাপনা নির্মাণের ব্যাপারে স্থিতিবস্থাদেশ বজায় রাখার নির্দেশ দেন। তা সত্ত্বেও নির্দেশ অমান্য করে মার্কেটের মালিক ইসমত আরা আহমেদ ও হাবিবা আরা আহমেদ জোরপূর্বক দোকান ঘর নির্মাণ করেন। এ ব্যাপারে তিনি সাভার থানায় তাদের বিরুদ্ধে সাধারণ ডাইরী করেছেন, যার নং-৮৩২।
এ ব্যাপারে মার্কেটের মালিক আইনজীবী হাবিবা আরা আহমেদ বলেন, তারা মার্কেটের সামনের যে জায়গায় স্থাপনা নির্মাণ করেছেন তা তাদের ক্রয়কৃত সম্পত্তি। ওই সম্পত্তিতে দোকান নির্মাণ করার সময় যারা বাধা দিয়েছে তাদের বিরুদ্ধেও থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যদি কাগজপত্রে সওজ বিভাগ ওই জায়গার মালিক হয়ে থাকে তাহলে তারা ঐ স্থাপনা সরিয়ে ফেলবেন বলেও তিনি জানান।