বরিশালে নৌকা ডুবে গৃহবধূর মৃত্যু

 
বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে নৌকা ডুবে মনোয়ারা বেগম (৫০) নামে এক গৃহবধূ মারা গেছেন। শনিবার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
নিহত মনোয়ারা বেগম উপজেলার সৈয়দকাঠী গ্রামের আব্দুল কাদের এর স্ত্রী বলে নিশ্চিত করেছেন বানারীপাড়া থানার ওসি সাজ্জাদ হোসেন।
 
তিনি জানান, মনোয়ারা বেগম শুক্রবার রাতে তার স্বামীর সঙ্গে ঝালকাঠির বাউকাঠী এলাকায় নাতীর বাড়িতে দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলো। রাতে ছোট একটি নৌকায় সন্ধ্যা নদী পার হওয়ার সময় ছারছিনা মাহফিলগামী একটি ট্রলারের তুফানে নৌকাটি ডুবে যায়। স্বামী আব্দুল কাদের সাতরে তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ ছিলো স্ত্রী মনোয়ারা।
 
শনিবার বেলা ১২টার দিকে বানারীপাড়া উপজেলার গড়পাড়া এলাকায় সন্ধ্যা নদীর তীরে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে লাশ উদ্ধার করে সুরত হাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে বলে ওসি নিশ্চিত করেছেন।