লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার আত্মঘাতি জঙ্গি সংগঠনের অন্যতম সদস্য মেহেদী হাসান মিজানকে (২০) জেলা কাউন্টার ট্যারিজম ইউনিট (সিটি) শনিবার বিকেলের দিকে টংভাঙ্গা এলাকা থেকে গ্রেফতার করেছে। গ্রেফতার মিজান উপজেলার পশ্চিম বেজগ্রাম এলাকার দুলাল হোসেনের ছেলে।
লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) শহীদ সোহরাওয়ার্দী জানান, গ্রেফতারকৃত জঙ্গি সদস্য মিজানের বিরুদ্ধে গত বছরের ২ আগস্ট হাতিবান্ধা থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে পুলিশ। এ মামলায় দীর্ঘ দিন পলাতক থাকার পর গোপন খবরের ভিত্তিতে মিজানকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মিজান আত্মঘাতি জঙ্গি সংগঠনের সদস্য এবং দিনাজপুর জেলার ইসকন ও কান্তজির মন্দিরে বোমা হামলাকারী প্রধান আসামি মোসাব্বের ওরফে মোসাব্বির আলম খন্দকারের ঘনিষ্ট সহযোগী বলে পুলিশ কর্মকর্তা নিশ্চিত করেন।
লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জঙ্গি সংগঠনের অন্যতম সদস্য গ্রেফতারকৃত মিজানকে সন্ধ্যায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে।