বাবা-দাদার কাছ থেকে পাকিস্তান আমলে অধিগ্রহণকৃত জমি ফিরে পাওয়ার দাবিতে জেলার গোবিন্দগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাঁওতালরা। সাহেবগঞ্জ ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির উদ্যোগে গতকাল শনিবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কে গোবিন্দগঞ্জের থানা মোড়ে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন—সিপিবি’র কেন্দ্রীয় নেতা বিপ্লব চাকী, মিহির ঘোষ, নারী নেত্রী প্রতিভা সরকার ববি, সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সুফল হেমব্রম প্রমুখ। এর আগে গোবিন্দগঞ্জের মাদারপুর ও জয়পুর গ্রাম থেকে প্রায় সাত কিলোমিটার সড়ক পায়ে হেঁটে বিক্ষোভ মিছিল নিয়ে পাঁচ শতাধিক সাঁওতাল নারী-পুরুষ গোবিন্দগঞ্জ থানা মোড়ে উপস্থিত হয়। ওইদিন বিকালেই সুগার মিলের সাহেবগঞ্জ বাগদা ফার্মে বসতি গড়ে তোলা সাঁওতালদের ওপর হামলার ঘটনা ঘটে এবং তাদের বসতি জ্বালিয়ে দিয়ে উচ্ছেদ করা হয়। মানববন্ধনে তারা ঘটনার সাথে জড়িতদের শাস্তি এবং বাবা-দাদার জমি ফিরিয়ে দেওয়ার দাবি জানান।
ইত্তেফাক/নূহু