লাকী আখন্দের গাওয়া ও সুর করা বিভিন্ন কালজয়ী গানের কিছু শব্দ আর পঙক্তি নিয়ে তৈরি হয়েছে নতুন একটি গান। গানের নাম ‘তোমার যত গান’। কিংবদন্তী এই শিল্পী ও মুক্তিযোদ্ধাকে উৎসর্গ করে এই গানটি করেছেন কয়েকজন প্রবাসী শিল্পী।
তিতাস কাজী ও সঞ্জয় মুখার্জির কথায় গানটিতে সুর দিয়েছেন কাজী তিতাস, কণ্ঠ দিয়েছেন সুমন শরীফ, এ আই রাজু, মোল্লা বাবু, লাবনী বড়ুয়া, পরশ মনি ও তিতাস কাজী।
এতে যৌথভাবে সঙ্গীতায়োজন করেছেন লাবু রহমান ও ফুয়াদ নাসের বাবু। আর ভিডিওটি তৈরি করেছেন শিবলী হাসান। ‘তোমার যত গান’ শিরোনামের এই একটি গান নিয়েই প্রকাশ হয়েছে ‘তোমার যত গান’-এর সিডি।
তিতাস কাজীর ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে এর ভিডিও। লন্ডনে ধারণ করা ভিডিওতে অংশ নিয়েছেন শিল্পী ও কলাকুশলীরা। গানটি এরইমধ্যে শুনেছেন ও দেখেছেন হাসপাতালে শায়িত লাকী আখন্দ। তার ঘনিষ্ঠজন জানান, গানটি পছন্দ করেছেন লাকী আখন্দ। তিনি শিল্পীদের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং তার জন্য দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, এর আগে লাকী আখন্দের চিকিত্সা তহবিল সংগ্রহে কাজ করেছে তিতাস কাজী ও তার দল। লন্ডনে কনসার্ট করে শিল্পীর চিকিত্সায় আর্থিক সহায়তা দেয় তারা।।