ট্রেন দুর্ঘটনা থেকে দুই সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় আহত হয়ে মুত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মা মর্জিনা বেগম (৩০)।
শনিবার বিকেলে নাটোরের লালপুর উপজেলার আজিমনগর রেল স্টেশনের (গোপালপুর) অদূরে এ ঘটনা ঘটে। মর্জিনা বড় ময়না খন্দকার পাড়ার ভূট্টু মিয়ার স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার গোপালপুর বাজারে কেনাকাটা শেষে দুই সন্তান মাহফুজ (৮) ও মাহিকে (১০) নিয়ে বাড়ি ফিরছিলেন মর্জিনা বেগম। রেল লাইন দিয়ে হাঁটছিল দুই ছেলে আর পাশ দিয়ে হাঁটছিলেন মা। হঠাৎ রাজশাহী-ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেন এসে পড়ে। বেগতিক দেখে মর্জিনা নিজের জীবন তুচ্ছ করে এক লাফে রেললাইনে গিয়ে দুই ছেলেকে উদ্ধার করতে পারলেও ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালপুরের একটি ক্লিনিকে নিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
স্থানীয় ইউপি সদস্য হারুনুর রশিদ জানান, শনিবার রাতেই রাজশাহী হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। মর্জিনার বাম পা ও বাম হাত ভেঙ্গে গেছে। মাথায় কেটে গিয়ে বেশ রক্তক্ষরণ হয়েছে। তার অবস্থা এখনো শংকামুক্ত নয়।