বাসর রাতে যুবকের আত্মহত্যা

 
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় শহিদুল্লাহ (২৫) নামে এক যুবক বাসর রাতে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন।
 
ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাতে উপজেলার বোকাইনগর ইউনিয়নের তেলিহাটি গ্রামে। শহিদুল্লাহ ওই গ্রামের খলিলউল্লাহ'র পুত্র।
 
নিহতের বড় ভাই মতিউল্লাহ জানান, ময়মনসিংহ সদর উপজেলার চর ফুলিয়ামারী গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে পারভিন আক্তারের (১৯) সঙ্গে শুক্রবার আনুষ্ঠানিকভাবে তার ছোট ভাইয়ের বিয়ে হয়। শনিবার ছিল তাদের বাসর রাত। ঘটনার রাতে স্বামী-স্ত্রী দু'জনে এক ঘরে ঘুমিয়েছিল। ভোরে শহিদুল্লাহ'র মৃত দেহ নিজ ঘরে ঝুলে থাকতে দেখে তারা।
 
এ বিষয়ে নববধূ পারভিন জানান, বাসর রাতে দু'জন একসঙ্গে ঘুমিয়েছিল। ভোরে ঘুম থেকে ওঠে সে তার স্বামীর মৃত দেহ ফাঁসিতে ঝুলানো অবস্থায় দেখতে পায়। এক প্রশ্নের জবাবে পারভিন আরও বলেন, 'বাসর রাতে তিনি শারীরিকভাবে অসুস্থ থাকায় ঘুমিয়ে পড়েছিলেন।'
 
গৌরীপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। গৌরীপুর থানার এসআই রিপন চন্দ্র সরকার জানান, এ ঘটনায় গৌরীপুর থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।