টাঙ্গাইলে কৃষক হত্যায় ১৫ জনের যাবজ্জীবন

 
টাঙ্গাইলের কৃষক তোফাজ্জল হোসেন হত্যা মামলায় ১৫ জনের যাবজ্জীবন দণ্ড দিয়েছে আদালত।
 
রবিবার দুপুরে টাঙ্গাইলে স্পেশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ওয়াহিদুজ্জামান সিকদার সকল আসামির উপস্থিতিতে এ রায় দেন। একই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ডের আদেশও দেয়া হয়। কোর্ট পুলিশের এসআই আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
 
সাজাপ্রাপ্তরা হলেন, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার হিলোরা গ্রামের ইলিয়াস মিয়া (৩৩), শাহবাজ খান (৩৭), দুলাল মিয়া (৫৬), মো. বাবুল মিয়া(৩৭), ইন্নছ আলী ওরফে ইউনুস (৫১), মো. বিশু মিয়া (৬১), আশরাফ আলী (৫২), বাবু মিয়া (৩৩), মো. ফেরদৌস (৩৩), পারভেজ (৪১), মো. লিটন মিয়া (৩৭), মামুন (৩৬), শাহাদত (৩৯), ননী মিয়া (৬১) ও দেলোয়ার হোসেন (৪৬)। এ মামলা চলাকালে অভিযুক্ত মনি মিয়া, আক্কাছ আলী ও রফিকুল ইসলাম মৃত্যুবরণ করায় তাদেরকে অব্যাহতি প্রদান করা হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ঝর্ণা আক্তার ওরফে শামসুন্নাহার, মুনাক্কা বিবি, মুনসুফ আলী, আনোয়ার ও তোতা মিয়া সহ ৫জন খালাস পেয়েছেন।
 
উল্লেখ্য, ২০০৬ সালের ২২মে মির্জাপুর উপজেলার হিলোরা গ্রামের কৃষক তোফাজ্জল হোসেনকে জমি বিরোধের জের ধরে প্রতিপক্ষরা হত্যা করেছিল। এমন অভিযোগে নিহতের ভাই গোলাম কিবরিয়া বাদী হয়ে ২৩জনের নামে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন, বিশেষ পিপি মো. মুলতান উদ্দিন এবং বিবাদী পক্ষে অ্যাডভোকেট মো. আব্দুর রাজ্জাক ও অ্যাডভোকেট সামসুদ্দিন।