সন্দেহজনক অ্যাকশনের বোলারদের সংশোধন কাজ চলছে

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরুর আগেই গেল আসরের তালিকায় থাকা সন্দেহজনক অ্যাকশনের বোলারদের নিয়ে কাজ সম্পন্ন হবে। এমনটাই আশা প্রকাশ করেছেন রিভিউ কমিটির সদস্য ওমর খালেদ রুমি।
 
অ্যাকশন শুধরে বোলাররা মাঠে ফিরলেও, নতুন অ্যাকশনে পূর্বের কার্যকারিতা ধরে রাখাটা নির্ভর করবে বোলারদের ওপরই। তবে বোলাররা তাতে সফল হবেন বলেই বিশ্বাস সাবেক এই ক্রিকেটারের। 
 
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দুই বোলার তাসকিন আহমেদ ও আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার পর এ নিয়ে কাজ শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। মূলত ঘরোয়া ক্রিকেটে কোনো নজরদারি না থাকাতেই, অবৈধ অ্যাকশন নিয়ে দিনের পর দিন বোলিং করে গেছেন অনেক বোলারই। যার জন্য আন্তর্জাতিক ক্রিকেটে অনেককেই পড়তে হয়েছে আইসিসির নিষেধাজ্ঞায়। 
 
পরবর্তীতে ঢাকা প্রিমিয়ার লিগ চলাকালীন গত জুনে চার সদস্যবিশিষ্ট বোলিং অ্যাকশন রিভিউ কমিটি গঠন করে বিসিবি। প্রাথমিকভাবে গেলো আসরে প্রিমিয়ার লিগে ১০ জন সন্দেহজনক অ্যাকশনের বোলারদের নিয়ে কাজ শুরু করে রিভিউ কমিটি। 
 
কিন্তু আরও একটি প্রিমিয়ার লিগ এসে গেলেও, এখনো আগের বোলারদের নিয়ে কাজই শেষ হয়নি। যদিও এবারের লিগ শুরুর আগেই তা সম্পন্ন করার পরিকল্পনা রিভিউ কমিটির। 
 
তবে বোলিং অ্যাকশন কমিটির বৈধতা পেলেও, মাঠে তার কতটুকু প্রয়োগ করতে পারবেন বোলাররা তা নিয়ে সন্দেহ রয়েছে। যদিও বোলারদের অ্যাকশনের উন্নতি নিয়ে বেশ আশাবাদ কমিটিতে থাকা সাবেক এই ক্রিকেটার। বাসস ।