বাঘায় তালিকাভুক্ত জেএমবি ক্যাডার গ্রেফতার

রাজশাহীর বাঘায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত এক জেএমবি ক্যাডারকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যার পর উপজেলার আড়ানী বাজারে অবস্থিত এক ব্যবসা প্রতিষ্ঠান থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জেএমবির নাম আব্দুল আওয়াল বলে জানা গেছে। 
 
সূত্রে জানা গেছে, আব্দুল আওয়ালের গ্রামের বাড়ি মুংসীগঞ্জ জেলার শ্রী নগর থানার মানদ্রা গ্রামে। তার পিতার নাম আজিজুল হক। তিনি গত ৩৭ বছর ধরে বাঘার আড়ানী বাজারে কোকারাইজ এর ব্যবসা করে আসছেন। বিগত ২০০৫ সালে রাজশাহী র‌্যাব তাকে জেএমবি সন্দেহে ৫৪ ধারায় আটক করেছিল। সেই বার ১০ দিন হাজত বাসের পর তিনি বেরিয়ে আসেন।
 
বাঘা থানা অফিসার  ইনচার্জ (ওসি) আলী মাহামুদ জানান, আব্দুল আওয়াল সম্পর্কে তাঁর কিছুই জানা ছিল না। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রেরিত তালিকার ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে তিনি তাকে গ্রেফতার করেন। তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন ব্যক্তি জানান, দেশের প্রেক্ষাপটে কোন-কোন সময় তাকে আত্মগোপনে থাকতে দেখা গেছে।